বরিশাল-ঢাকা রুটে এমভি টিপু লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্ত

ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-৭ এর ধাক্কায় এমভি সুরভী-৮ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝ নদীতে এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কয়েক হাজার যাত্রী। বৃহস্পতিবার রাত ৮টায় সুরভী-৮ ও টিপু-৭ বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ৯টার দিকে ঝুনাহার চ্যানেল অতিক্রমকালে পিছন থেকে এমভি টিপু-৭ এর ধাক্কায় এমভি সুরভী-৮ লঞ্চের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে সুরভীর বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে লঞ্চ মালিক রিয়াজ উল কবির ইত্তেফাককে জানান। দু’দিন পূর্বে বরিশাল নৌ-বন্দরে নোঙ্গর করার সময় সুরভীর ধাক্কায় টিপু ক্ষতিগ্রস্ত হয়। দু’লঞ্চ মালিকের মধ্যে সমঝোতা না হওয়ায় আক্রোশের জের ধরে এ ধাক্কা দেয়া হয় বলে সুরভী লঞ্চের স্টাফরা অভিযোগ করেছেন। কিন্তু টিপু লঞ্চের স্টাফরা জানান-সরু চ্যানেলে সুরভীকে ওভারটেক করার সময় জায়গা ছেড়ে না দেয়ায় দুর্ঘটনা ঘটেছে। সুরভীর ব্যবস্থাপনা পরিচালক রেজিন উল কবির জানান- সরু চ্যানেলে কোন নৌ-যানের ওভারটেক করার কথা নয়। ইচ্ছাকৃত দুর্ঘটনায় সুরভীর ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার লঞ্চ দু’টি পুনরায় বরিশাল নৌ-বন্দরে যাত্রী পরিবহনের জন্য আসবে বলে উভয় লঞ্চের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।