জরুরি অবস্থা দিয়ে ক্ষমতায় থাকা যাবে না

দেশে জরুরি অবস্থা জারি করে সরকারের মেয়াদ বাড়ানো যাবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, জরুরি অবস্থা জারি করে বা অন্য কোনো পন্থায় জাতীয় সংসদের মেয়াদ বা প্রধানমন্ত্রীর মেয়াদ বৃদ্ধির কোনো সুযোগ নেই। সরকার নির্বাচিত হয়েছে পাঁচ বছরের জন্য। তাই নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকা সংবিধান লঙ্ঘন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক সংসদের উদ্যোগে 'বিএনপি চেয়ারপারসনের ৬৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, স্বদেশ জাগরণ মঞ্চের সভাপতি কামরুজ্জামান সেলিম প্রমুখ। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে তারা কেক কাটেন।