সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত অর্ধশত

সারাদেশে সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। ইত্তেফাক সংবাদদাতারা এ খবর জানিয়েছেন। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার বনকূয়া নামক স্থানে গতকাল ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো সিএনজি চালক টাঙ্গাইলের সাগরদীঘির কাইকার চালার আকবর আলীর পুত্র আব্দুল করিম (২১), যাত্রী টাঙ্গাইল ঘাটাইলের আব্দুর রাজ্জাকের পুত্র সেলিম রেজা (২২)। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম নামের এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটা ওয়ার্ল্ডের সামনে গতকাল এ ঘটনা ঘটে। দিনাজপুর অফিস জানায়, সদর উপজেলার পল্লীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমসূত্রে প্রকাশ, গতকাল সদর উপজেলার চকমধু গ্রামের আমজাদের পুত্র রুবেল (২০) বাড়ির পাশে রাস্তা অতিক্রম করার সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় মারা যায়। অন্যদিকে গতকাল সদর উপজেলার মাশিমপুর গ্রামের চাঁদনী (২৫) মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ দুটি ঘটনায় কোতোয়ালী থানায় মোটর যান আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কাপাসিয়া সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জে গতকাল রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় চাপা পড়ে টমটমের চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতদের লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় বাসের চাপায় ফারুক আহমেদ (১৩) নামে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের সুলতান আহমেদ এর ছেলে। গৌরনদী সংবাদদাতা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে গতকাল বাটাজোর এলাকার বাইচখোলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী দেওপাড়া গ্রামের মনতোষ সিংহের স্ত্রী তমা সিংহ (২০) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলায় নছিমন ও করিমনের মুখোমুখি সংঘর্ষে গতকাল স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় একই পরিবারের দশজন আহত হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (৩২) নামের এক যুবক নিহত ও অপর ৬ জন আহত হয়েছে। গতকাল লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন সদর উপজেলার মহদেবপুর গ্রামের রঞ্জন আলীর পাটওয়ারী বাড়ির আবদুস সাত্তারের ছেলে। বরিশাল অফিস জানায়, গতকাল নগরীর তিলক কলাডেমা এলাকায় ট্রাক টেম্পু সংঘর্ষে রফিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। সে নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বড় মগরা নামক স্থানে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দিগন্ত টেলিভিশনের রিপোর্টার এম.এম. বাদশা ও এসএম বায়েজিদ, হারুন ফকির , রহিম ফকির আহত হয়। গুরুতর অবস্থায় বায়েজিত ও হারুনকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। অপর দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় তেলবাহী ট্রাক গাড়ির চাপায় রবিউল আলম মানিক (২৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের সামনে ঘটেছে এদুর্ঘটনা। রবিউল উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ এলাকার জামাল হোসেনের ছেলে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ওই তেলবাহী গাড়ি ও চালক নুরুল হককে আটক করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চালকের শাস্তির দাবি জানিয়ে এলাকায় ঘন্টাব্যাপী অবরোধ সৃষ্টি করেন। পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, উপজেলার বুড়িমারী স্থলবন্দর প্রথম বাঁশকল সংলগ্ন রেলগেটে ট্রেনে কাটা পড়ে করিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। সে উপজেলার জোংড়া ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।