সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু

মাগুরা শহরের ইসলামপুর পাড়া খেয়াঘাট এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নবগঙ্গা নদী পার হতে হচ্ছে। গতকাল এ পার হওয়ার সময় সাঁকো থেকে পা পিছলে পড়ে সজিব (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার নবগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজিবের পিতার নাম সাইফুল ইসলাম। বাড়ি মহম্মদপুর উপজেলায়। সে নীজনান্দুয়ালী গ্রামে তার খালু নওশের আলীর বাড়িতে থাকত। বৃহস্পতিবার দুপুরে শহরের ইসলামপুর পাড়া খেয়াঘাটের সাঁকো থেকে পড়ে সে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজা-খুঁজির পর নদী থেকে শুক্রবার লাশ উদ্ধার করা হয়। এদিকে ঝঁকিপূর্ণ এ বাঁশের সাঁকো দিয়ে নীজনান্দুয়ালী চরপাড়া এলাকায় কয়েক হাজার মানুষ মাগুরা শহরে প্রতিদিন যাতায়াত করেন। ফলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। তারপরও প্রয়োজনের তাগিদে জনসাধারণকে এই সাঁকো ব্যবহার করতে হচ্ছে।