চাঁপাইনবাবগঞ্জে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ আহত ৪০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামে গতকাল শুক্রবার সকালে ক্যারম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষে নারীসহ ৪০জন আহত হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক রইসউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হড়মা বাজারে ছোটছোট ছেলেদের মধ্যে ক্যারাম খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় দানেশ মন্ডলের টোলা ও সোলেমান মন্ডলের টোলার লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মহবুল (১৮), মুনেরা (৪৫) ও রেনু বেগমকে (৫০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ১২ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।