সিংগাইরে সন্ত্রাসীদের গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত

মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে সিংগাইর উপজেলার চান্দহর সিরাজপুর হাটে সন্ত্রাসীদের গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল হক। এসময় গুরুতর আহত অবস্থায় সজীব নামের অপর একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সিংগাইরে গড়ে উঠেছে মাদক ব্যবসা। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় দুটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে প্রতিপক্ষ গ্রুপের লোকজন রিভলবার দিয়ে আব্দুল হককে গুলি করে। আব্দুল হক মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সজিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল হক ও সজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক আব্দুল হককে মৃত বলে জানান। সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান ভুঁইয়া জানান, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাউকে পাওয়া যায়নি এবং কে গুলি করেছে তাও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।