কয়লা ছড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনে হুমকিতে জনপদ

উত্তর ফটিকছড়ির বালুটিলা কয়লা ছড়া থেকে ড্রেজার দিয়ে প্রতিদিন হাজার হাজর ঘনফুট বালি উত্তোলন করায় রাস্তা-ঘাট, ব্রীজ,শত শত একর ফসলী জমি,পাহাড় এমনকি সরকারি রাবার বাগান পর্যন্ত খালে বিলীন হয়ে যাচ্ছে। উক্ত খালে মাত্র ৪টি পয়েন্ট থেকে বালু তোলার শর্তে চট্টগ্রাম জেলা প্রশাসন ইজারা দেয়। তবে ইজারার শর্তে কোন ড্রেজার মেশিন বসানোর অনুমতি নেই। কিন্তু সরেজমিন ঘুরে দেখা গেছে শর্ত ভঙ্গ করে বালুটিলা বাজারের পর থেকে মরা কয়লা পর্যন্ত দীর্ঘ ১০কি.মি. জুড়ে বালু তোলার মহোত্সব চলছে। এমনকি কয়লা খালের সাথে সংযুক্ত একটি খাল থেকেও তারা অবাধে বালি উত্তোলন করছে। এলাকাজুড়ে যতদূর চোখ যায় শুধু বালি আর বালির পাহাড়। তাদের হাত থেকে সরকারি রাবার বাগান, উঁচু পাহাড় কোনটাই বাদ যাচ্ছে না। এরফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এ প্রসঙ্গে উক্ত এলাকার চেয়ারম্যান মো.জানে আলম বলেন- খালটি ইজারা দিয়ে সরকার পাচ্ছে মাত্র দেড় কোটি টাকা, কিন্তু পাহাড়, সরকারি বনবাগান, রাবার বাগান, শত শত একর জমি বিলীন হয়ে ইতোমধ্যে ক্ষতি হয়ে গেছে অন্তত শত কোটি টাকার সম্পদ।