রাজবাড়ীতে গুলি করে যুবক হত্যা দু’জন গুলিবিদ্ধ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:২১
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দেবগ্রাম ইউনিয়নের বেথুরি গ্রামে চরমপন্থীদের গুলিতে এক যুবক নিহত এবং দু’জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ দু’জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের নাম বোরহান চৌধুরী (২২)। সে জেলার গোয়ালন্দ উপজেলাধীন দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রামের গফুর চৌধুরীর ছেলে।
জানা গেছে, বুধবার রাত ১২ টার দিকে জেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মোটর সাইকেল যোগে ৩ জন যুবক দেবগ্রামের নিজ বাড়িতে ফিরছিল। তাদের মোটর সাইকেলটি পদ্মা নদীর দেবগ্রামের তেনাপচার বেথুরি এলাকায় পৌঁছলে অস্ত্রধারী চরমপন্থীরা তাদের লক্ষ্য করে কাছ থেকে গুলিবর্ষণ করে। এ সময় আরোহী বোরহান চৌধুরীর মাথা ও পেটে ২টি গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য দু’জন মোটর সাইকেল আরোহী মাসুদুর রহমান (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩২) কে গুলিবিদ্ধ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গোয়ালন্দ থানার ওসি আবুল বাশার জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করাসহ নিহত বোরহান চৌধুরীর লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।