কালীগঞ্জে দুই এসিল্যান্ড
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৪
কালীগঞ্জ উপজেলায় দুই কর্মকর্তা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসাবে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে অফিস পাড়ায় গুঞ্জন চলছে, স্থানীয় সেবা গ্রহণেচ্ছু লোকজন বিভ্রান্ত হচ্ছেন।
জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ শাখা-২ থেকে গত ৩০ জুন কালীগঞ্জের এসিল্যান্ড হাবিবা শারমিনকে আইন ও প্রশাসন বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করে। উক্ত আদেশের আলোকে জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম গত ১৯ জুলাই কালীগঞ্জের এসিল্যান্ডকে দায়িত্ব থেকে অবমুক্তের আদেশ জারি করেন।
একই আদেশে কালীগঞ্জের ইউএনও মোঃ কামরুল আহসান তালুকদারকে এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। কিন্তু অবমুক্ত হবার পর কালীগঞ্জের এসিল্যান্ড ঢাকার বিসিএস প্রশাসন একাডেমীতে তার নির্ধারিত প্রশিক্ষণে যোগদান না করে নিয়মিত অফিস করছেন।
অপরদিকে ইউএনও মোঃ কামরুল আহসান তালুকদার নিজ কার্যালয়ে বসে উপজেলা ভূমি অফিসের কার্যাবলি সম্পাদন করছেন। ফলে একই উপজেলা ভূমি অফিসের দুই এসিল্যান্ড থাকায় সেবা নিতে আসা লোকজন বিভ্রান্ত হচ্ছেন।