কবিতার বরপুত্র শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:৪৬
বাঙালির সামপ্রতিককালের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান এভাবেই তার সারাজীবনের রচনায় মানুষকে আশার কথা বলেছেন। অনুজপ্রতিম এক কবিকে শামসুর রাহমান বলেছিলেন, ‘একজন কবির সবচেয়ে উপভোগের বিষয় কাব্য রচনা। কবিতা রচনার মধ্য দিয়েই আমি জীবনকে উপভোগ করি।’
বহুদিন থেকে/ আমাদের পৃথিবীতে শান্তি পলাতক/
সময়ের বিমর্ষ কিনারে এসে তবু/ সোনালী দিনের আশা রাখি।/
সেই আশা চিরঞ্জীব হয়ে রয় নবজাত সূর্যের ললাটে (নতুন কবিতা, শামসুর রাহমান)। কবি শামসুর রাহমান তাই আজীবন কবিতায় সমর্পিত ছিলেন। তার সারাজীবনের কাব্য রচনার মধ্য দিয়ে তিনি মানুষের হূদয়ে অমর হয়ে আছেন। জনমানুষের কবি শামসুর রাহমান আমাদের মধ্যে না থেকেও আছেন।
কবি শামসুর রাহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট ৭৬ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেও বেঁচে আছেন বাঙালির সত্তায়। আধুনিক বাংলা কবিতায় তিনি নতুন ধারা সৃষ্টি করেছিলেন।
‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা! আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায়/আর কতকাল দেখতে হবে খা-বদাহন’- কবির উদ্দীপ্ত উচ্চারণ স্বাধীনতাকামী মানুষের জন্য। তার কবিতা হয়ে উঠেছিল গণমানুষের কবিতা। কবিতার বরপুত্র, এ কবি ছিলেন মৃদুভাষী। মৌলবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার কবিতা মানুষকে জুগিয়েছে প্রেরণা। বিপর্যয়ে, দুঃশাসনে, মানবতার লাঞ্ছনায় বাঙালিকে বার বার ফিরে যেতে হবে কবি শামসুর রাহমানের কাছে। সময়ের বহুল পঠিত কবি শামসুর রাহমান। অধিকার আদায়ে তিনি মানুষের পাশে ছিলেন।
১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলীর ৪৬ নং বাড়িতে কবি জন্মগ্রহণ করেন। মায়ের নাম আমেনা খাতুন ও পিতা মুখলেসুর রহমান চৌধুরী। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৫৭-১৯৫৯ রেডিও পাকিস্তানের প্রোগ্রাম প্রডিউসার ছিলেন। ১৯৬০-১৯৬৪ দৈনিক মর্নিং নিউজে সিনিয়র সাব-এডিটর, ১৯৬৪-১৯৭৭ দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় সহকারী সম্পাদক এবং ১৯৭৭-১৯৮৭ দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কবির সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ রবিবার বনানী কবরস্থানে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করবে। বিকালে কবির শ্যামলীস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবির গুণগ্রাহী ও সুহূদদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে কবিতা পরিষদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রবিবার কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করবে।