রায়পুরে পুলিশ-শিবির সংঘর্ষের দুই মামলায় ২ হাজার আসামি
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:৪৮
জামায়াতের ডাকা হরতালে গত বুধবার পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত বৃহস্পতিবার রায়পুর থানায় দুটি মামলা দায়ের করেছে। উভয় মামলায় মোট ২ হাজার জনকে আসামি করা হয়। উল্লেখ্য, হরতালের দিন সংঘর্ষে প্রায় ৫০ জন শিবির নেতা-কর্মী আহত হন।
রায়পুর থানার এস আই আবুল বাশার জানান, হরতাল চলাকালে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন ভুঁইয়ার গাড়িতে হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া রায়পুর-চাঁদপুর সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আরেকটি মামলায় অজ্ঞাতনামা ১২শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উভয় মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এছাড়া হরতালের ঘটনায় রায়পুরা থানার ওসি আবুল কাসেম চৌধুরীকে প্রত্যাহার করে নেয়ার পর গতকাল শুক্রবার রুপক সাহা ওসির দায়িত্ব গ্রহণ করেন।