সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বক্তব্য দেবেন খালেদা জিয়া

আগামী ১৯ আগস্ট সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে দলটি। ১৯৭৬ সালের ১ মে এক শ্রমিক সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর ৩৭ বছর বাদে সর্বশেষ গত ১২ জুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও মহাজোট সরকারের পদত্যাগের’ দাবিতে ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করেছিল এ উদ্যানে। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ আগস্ট সকাল ১১টায় জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ১৯ আগস্ট প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে নয়াপল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কাটা, সকাল ছয়টায় দলীয় পতাকা উত্তোলন এবং দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ।