সমঝোতার পথ ক্ষীণ হয়ে আসছে :সুরঞ্জিত

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সমঝোতার পথ তত ক্ষীণ হয়ে আসছে। ‘বিএনপি হুঙ্কার দিচ্ছে, আন্দোলনের মাধ্যমে সরকারে পতন ঘটিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু এটা ইতিহাসে নেই। সুরঞ্জিত বিএনপিকে সংবিধান মেনে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও সংবিধানের পথ যদি কণ্টকাকীর্ণ হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত জামায়াতের অবৈধ হরতাল, বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র– সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে জাসদের মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, ফাতেমা জামান সাথী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ বক্তব্য রাখেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের এখনো সমঝোতার সংস্কৃতি গড়ে ওঠেনি। আর বিরোধীদলের জন্য যদি সমঝোতা না হয়, তারা যদি সমঝোতার পথ বন্ধ করে দেয়, তাহলে সরকারকেই একতরফাভাবে এগিয়ে আসতে হবে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনের ঘোষণা দিতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মের কোন সীমানা নেই। তাই ধর্ম নিয়ে কোন রাজনীতি করবেন না। এখানে যারা সংখ্যালঘু একটু দূরেই তারাই আবার সংখ্যাগুরু। মিয়ানমারে বৌদ্ধরাই সংখ্যাগুরু। বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘু বলা হয়। আর পাশের দেশ ভারতে হিন্দুরাই সংখ্যাগুরু।