চিড়িয়াখানায় প্রতারণা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২৩:০৪
চীনের একটি চিড়িয়াখানায় অভিনব প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে দর্শকদের। সিংহের কথা বলে কুকুরকে রাখা হয়েছে খাঁচায়। এছাড়া সাপের স্থানে তীক্ষ দাঁত সম্পন্ন আমেরিকান লোমস্ জাতীয় প্রাণী রাখা হয়েছে। অথচ নেমপ্লেটে সিংহ এবং সাপের নাম লেখা হয়েছে। খবর এএফপি’র।
চীনের হিনান প্রদেশের দ্য পিপলস পার্ক অব লিইহো নামের চিড়িয়াখানায় এই প্রতারণার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে। চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, এক মা এবং তার ছেলে সিংহের খাঁচার কাছ দিয়ে যাচ্ছিলেন। হঠাত্ করে তারা কুকুরের ডাক শুনতে পায়। এতেই ঘটে বিপত্তি। সিংহের খাঁচার কাছে কুকুরের ডাক শুনে অবাক হয় তারা। পরে ওই খাঁচার কাছে যায় এবং একটি কুকুর দেখতে পায়। কর্তৃপক্ষ এই কুকুরকে আফ্রিকান সিংহ বলে পরিচয় দিয়ে আসছিল। দর্শকদের চিড়িয়াখানা পরিদর্শনের জন্য পৌনে তিন ডলার পরিশোধ করতে হয়।