ইমনের না থাকা ঈদ

গেল ঈদেও একাধিক অনুষ্ঠানে সরব থাকলেও এবারে নীরবেই ঈদ কাটালেন অভিনেতা ইমন। চলচ্চিত্রের প্রতি প্রেমের কারণে টিভি নাটকের অফার পেয়েও ছেড়ে দিয়েছেন বলেই জানান তিনি। আর এবারের ঈদে কোনো ছবি রিলিজ না হওয়ায় কোনো টিভি টক শো বা উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠানেও যোগ দেওয়া হয়নি তার। যাদের ছবি বা টিভি নাটক মুক্তি পেয়েছে, তারাই সরব ছিলেন এসব অনুষ্ঠানে। সেদিক দিয়ে একেবারেই অনালোচিত ভাবেই ঈদ কাটে ইমনের। তবে খুব শিগগিরই ইমনের বেশ কটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এর ভেতরে স্বপন আহমেদ এবং চাষী নজরুল ইসলামের চলচ্চিত্র দুটি নিয়ে তিনি খুবই আশাবাদী। তবে এবারের ঈদে মাত্র তিনটি ছবি রিলিজ হওয়ায় অনেক তারকাই অনুপস্থিত ছিলেন ঈদের বড়পর্দায়। ইমন বলেন, ‘এত কিছুর পরও টিভি নাটক করিনি নিজের ফিল্ম ক্যারিয়ারের জন্যই। এর ফলাফল আমার দর্শকেরা একদিন না একদিন ঠিকই দেবেন।’