এবার বেকেলের রেকর্ডে চোখ ফারাহর
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২১:১১
অলিম্পিকের পর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দূরপাল্লার দৌড়ের দুইটি ইভেন্টেই স্বর্ণ জেতা মো. ফারাহর দৃষ্টি এখন কেনেনিসা বেকেলের বিশ্ব রেকর্ডের দিকে। দশ হাজার মিটারের পাশাপাশি পাঁচ হাজার মিটারের স্বর্ণ জিতে বেকেলের পর প্রথম অ্যাথলেট হিসেবে একই সাথে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ফারাহ গতকাল এ কথা বলেন।
ব্রিটেনের সর্বকালের সেরা অ্যাথলেট ফারাহ কিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে সেটি নিয়ে সন্দেহ ছিল সামান্যই। মূল প্রশ্ন ছিল দূরপাল্লার দৌড়ের সর্বকালের সেরাদের কাতারে স্থান পাবেন কিনা সেটি নিয়ে। দশ হাজার মিটারে স্বর্ণ জিতে সেই প্রশ্নের অর্ধেকটার জবাব দিয়ে রেখেছিলেন টুর্নামেন্টের শুরুতেই। এবার ১৩ মিনিট ২৬.৯৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে পাঁচ হাজার মিটারের ফিনিশিং লাইন ছুঁয়ে ফারাহ বুঝিয়ে দিলেন ইতিহাসের অংশ হতে প্রস্তুত তিনি।
এর আগে লন্ডন অলিম্পিকেও দুইটি ইভেন্টেই স্বর্ণ জেতা ফারাহর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ক্ষেত্রে মূল লড়াই ছিল শারীরিক ক্লান্তির বিরুদ্ধে। অনুশীলনের পাশাপাশি ফারাহকে পরিশ্রান্ত করে তুলতে নেতিবাচক ভূমিকা রাখছিল হিটের সময়সূচিও। মস্কোর স্থানীয় সময় হিটগুলো সকালে শুরু হওয়ায় ক্লান্তিটা আরো বেশি কাজ করছে বলে জানিয়েছিলেন দিন কয়েক আগেই। ফারাহ এবং তার অনুশীলনসঙ্গী গ্যারেন লাপই শুধু এদিন ডাবলের জন্য দৌড়াচ্ছিলেন, বাকি সবার জন্য এটাই ছিল টুর্নামেন্টে প্রথম প্রতিযোগিতা। তবে প্রতিপক্ষ আর ক্লান্তির বাধাকে পায়ে ঠেলে শেষ পর্যন্ত বেকেলের রেকর্ড স্পর্শ করেন এই ৩০ বছর বয়সী। ইথিওপিয়ার হ্যাগোস জেব্রাইট রূপা এবং কেনিয়ার ইসাইয়াহ কিপলাঙ্গাট কোয়েক ব্রোঞ্জ পদক লাভ করেন।
তবে জয়ের পর আর নিজেকে সামলে রাখতে পারলেন না। ক্লান্তিতে শুয়ে পড়লেন ট্র্যাকেই। একটু পরেই অবশ্য উঠে দাঁড়িয়ে বললেন, এটাই তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।
বেকেলের কৃতিত্বে ভাগ বসাতে পারলেও দুইটি ইভেন্টের বিশ্ব রেকর্ডই এখনো ঐ ইথিওপিয়ানের দখলে। যথাক্রমে ১২.৩৭.৫০ ও ২৬.১৭.৫৩ মিনিট সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়া বেকেলের বিপরীতে ফারাহর ক্যারিয়ারসেরা টাইমিং হচ্ছে ১২.৫৩.১১ এবং ২৬.৪৬.৫৭। তবে ফারাহ বলছেন, লন্ডন অলিম্পিকের পর এবার মস্কোতেও স্বর্ণ জিততে পেরে এখন অনেকটাই নির্ভার তিনি। সুতরাং বেকেলের বিশ্ব রেকর্ডই তার পরবর্তী লক্ষ্য, ‘ক্রমেই রেকর্ডের দিকে এগিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যিই দারুণ। যদিও রেকর্ড দুইটি এখনো কিংবদন্তি বেকেলের দখলে। তবে সত্যি বলতে কি, ঐ (রেকর্ড গড়ার) চেষ্টা আমি এখনো করিনি। আমার লক্ষ্য ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপেই দৃষ্টি নিবদ্ধ রাখা এবং দেশের জন্য পদক জেতা। কারণ এ ধরনের টুর্নামেন্টে আপনাকে প্রতিটি পদক্ষেপই ফেলতে হয় দারুণ সতর্কতার সাথে। তবে এখন আমার হাতে এগুলো নিয়ে ভাবার যথেষ্ট সময় আছে এবং আমি চাইলে চেষ্টা করেও দেখতে পারি।’