পিসিবির প্রস্তাবে লঙ্কানদের ‘না’

সংযুক্ত আরব আমিরাতে আগামী ডিসেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলা নিয়ে পাকিস্তানের অনুরোধ নাকচ করে দিয়েছে শ্রীলংকা। দলের খেলোয়াড়রা ফ্লাড লাইটের আলোতে এবং গোলাপী বলে টেস্ট ম্যাচ খেলে অভ্যস্ত নয় বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটের আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেটকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের কথা ভাবতে শুরু করে আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে আরব আমিরাতে নিজেদের পরবর্তী হোম সিরিজেই দিবা রাত্রির টেস্ট খেলতে লঙ্কানদের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দিন কয়েক আগে পিসিবি জানায়, ব্যবসায়িক এবং জনপ্রিয়তার দিক বিবেচনা করে দিবা রাত্রির টেস্ট খেলতে চায় তারা। এজন্য বেশ কিছু গোলাপী ও কমলা রঙের বল ইতোমধ্যেই লঙ্কান বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলেও জানায় পিসিবি। তবে লঙ্কানরা এই প্রস্তাব উড়িয়ে দেয়ায় শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হচ্ছে না।