আজ আবার শুরু ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প

‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন জাতীয় দলের অনেক ক্রিকেটারই। সিঙ্গাপুরে এসিসি ইমার্জিং এশিয়া কাপ খেলতে গেছে অনূর্ধ্ব ২৩ দল। আর অনূর্ধ্ব ১৯ দলও আছে ইংল্যান্ডে। আর ঈদের ছুটিতে মিরপুরের হোম অব ক্রিকেটও এতোদিন প্রায় ফাঁকাই ছিল। তবে, এই অবস্থাটার কিছুটা হলেও পরিবর্তন হতে যাচ্ছে, আজ থেকে আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। মোট বারোজন ক্রিকেটারকে নিয়ে জাতীয় দলের মূল কোচ শেন জার্গেনসেনের অধীনে আজ রবিবার থেকে আবার শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের পক্ষ থেকে ব্যাপারটি নিশ্চিত করা হয়। চলতি বছরের এপ্রিল-মে মাসে সর্বশেষ জিম্বাবুয়ে সফর থেকে আসার পর থেকেই খেলার বাইরে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটেও কোন খেলা নেই বলে আপাতত আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে ক্যাম্প করেই প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশকে। আজ থেকে শুরু হওয়া অনুশীলনে থাকছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও স্পিনার আব্দুর রাজ্জাক। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখা দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজাও রয়েছেন ক্যাম্পে। চোট কাটিয়ে মাঠের ফেরার লড়াইয়ে থাকা আরেক পেসার নাজমুল হোসেন তার সঙ্গী। ক্যাম্পে থাকছেন পেসার শফিউল ইসলাম, উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস, বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, সাজেদুল ইসলাম, মুক্তার আলী ও নাসির হোসেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশে ফিরলে তারাও ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।