বার্সেলোনা ও মাদ্রিদের
লিগ মৌসুম শুরু আজ
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২১:৪৪
বার্সেলোনা আজ রবিবার নতুন কোচ জেরার্ডো মার্টিনো ও ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে লা লিগার শিরোপা রক্ষায় মাঠে নামবে। তাদের বিপক্ষ লেভান্তে। অপরদিকে রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু হবে নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে।
নেইমার আজই স্প্যানিশ লিগে অভিষেক নিতে পারেন। মার্কা ডটকম জানিয়েছে, খেলোয়াড়টি প্রস্তুত। তিনি এরই মধ্যে ব্রাজিলের হয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেন। কনফেডারেশন কাপে স্পেনের বিরুদ্ধে খেলাটির পর এই প্রথম কোন ম্যাচে তিনি পুরো সময় খেললেন।
ব্রাজিল তারকা বৃহস্পতিবার বার্সেলোনায় এসে কোন সমস্যা ছাড়াই দলের অবশিষ্টদের সঙ্গে অনুশীলন করেন। নেইমারকে দেখে মনে হয়েছে তিনি অ্যানিমিয়ার সমস্যা কাটিয়ে উঠেছেন। যদিও বিষয়টি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যা তার পছন্দ হয়নি। এ ব্যাপারে তিনি বলেন, ‘অনেক আজেবাজে কথা বলা হয়েছে। আমি ছয় কিলো ওজন হারিয়েছি। তবে আমি সেসব ফিরে পেয়েছি এবং এখন স্বাভাবিকভাবে খেলছি ও অনুশীলন করছি।’
কোচ মার্টিনোর অবশ্য ইউরোপে কোচিং করানোর অভিজ্ঞতা এই প্রথম। তিনি গলার ক্যান্সারে আক্রান্ত টিটো ভিলানোভার স্থলাভিষিক্ত হন। তিনি এমন একটি দলের দায়িত্ব নিয়েছেন যারা কিনা গত পাঁচ বছরের মধ্যে চারবার শিরোপা জিতেছে। মিডফিল্ডার জাবি তার সম্পর্কে বলেন, ‘তিনি হচ্ছেন নেতা, সামর্থ্যবান, ভালভাবে প্রস্তুত ও অভিজ্ঞ। তার ধারণাসমূহ পরিষ্কার ও কি চান তা সুনির্দিস্ট করে বলতে পারেন।’ মার্টিনো নিজে গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, তিনি লেভান্তের খেলাটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন এবং তার অধীনে থাকা খেলোয়াড়দের উপর আস্থা রাখছেন। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘মূল দুশ্চিন্তার বিষয় হলো, ভাল খেলা ও জেতা। আত্মবিশ্বাস গড়ে তোলা ও বার্তা পাঠানো। আমি চাই বার্সা যত তাড়াতাড়ি সম্ভব ভাল দলে পরিণত হোক। প্রথম মুহূর্ত থেকে আমরা সেজন্য কাজ করবো।’
বিশ্বের বর্ষসেরা ফুটবলার ও আর্জেন্টিনা অধিনায়ক মেসির সাথে নেইমারের মেলবন্ধন মাঠে কেমন হবে তাও এবারের লা লিগার অন্যতম উপজীব্য। দর্শকরা ব্যগ্র হয়ে আছেন তা দেখার জন্য। মেসি অবশ্য প্রাক মৌসুম ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বার্সা সমর্থকরা তা দেখতে উদগ্রীব।
রিয়াল মাদ্রিদ প্রাক মৌসুম কাটিয়েছে টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড গ্যারেথ বেলকে দলে টানার চেষ্টার মধ্য দিয়ে। এমনকি এও শোনা গেছে যে, ক্রিস্টিয়ানো রোনালদো দল ছেড়ে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে পারেন। শেষ পর্যন্ত সেসবের কোনটা ছাড়াই দলটি আজ রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে। হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হওয়া কোচ আনচেলোত্তিকে সাহায্য করছেন প্রবাদ প্রতিম ফরাসি ও রিয়ালেরই সাবেক খেলোয়াড় জিনেদিন জিদান।
ইটালিয়ান কোচ অ্যানচেলোত্তিও কাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে ভাল খেলাটাই যথেষ্ট নয়। তিনি বলেন, ‘আমি সব সময়ই অনুভব করেছি বার্নাবু দলকে সাহায্য করে এবং খেলোয়াড়দের পেছনে এসে দাঁড়ায়। আমি মনে করি আগামীকালও (আজ) একই ঘটনা ঘটবে। আমি জিততে চাই। তবে শুধু জিতলেই চলবে না, আপনাকে স্টাইলের সঙ্গে ভাল খেলার পাশাপাশি আক্রমণাত্মক হতে হবে। দল প্রাক মৌসুম নিজেদের গুণপনা দেখিয়েছে। আমি আশা করি আমরা তাই দেখতে থাকবো।’ বিবিসি অনলাইন/বার্সা ডটকম ও রিয়াল মাদ্রিদ ডটকম।