কথার লড়াই জমিয়ে দিয়েই মাঠে
নামছেন মরিনহো
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২১:৪৫
দীর্ঘ অপেক্ষার পর চেলসি ম্যানেজারের ভূমিকায় হাল সিটির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায়ের শুরু হতে যাচ্ছে । আর বরাবরের মতো এবারও মাঠে নামার আগেই প্রতিপক্ষের বিরুদ্ধে কথার লড়াই শুরু করে দিয়েছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটিকে চেলসির তুলনায় অনেক নিম্নমানের দল আখ্যায়িত করে পুরনো তর্কযুদ্ধকেই গতকাল নতুন করে উসকে দিলেন মরিনহো।
প্রথমবারের মতো চেলসিতে এসে ২০০৪-০৫ মৌসুমে শিরোপা জিতেছিলেন রেকর্ড ৯৫ পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও পরের বছর তার অধীনে ব্লুজরা ধরে রাখে লিগ শিরোপা। নিজের সেই দলকে লিগ শিরোপার মূল দাবীদার বাকি দুই দলের চেয়ে বহুগুনে শ্রেয়তর দাবী করে এই পর্তুগীজ বলেন, ‘আমার মনে হয় কয়েক বছর আগেও যে দলগুলো শ্রেষ্ঠ নির্ধারিত হতো তারা এখনকার সেরা দলগুলোর চেয়ে অনেক মানসম্পন্ন ছিল। গত বছর লিগ শিরোপা জেতায় আপনি কি ম্যনচেস্টার ইউনাইটেডকে অবিশ্বাস্য কোন দল ভাবছেন? আমি অন্তত তেমন কিছু মনে করছি না। কারণ, (তারা জিতেছে) অন্য দলগুলো ভালো খেলছিল না বলে। এর আগের বছর সিটির ক্ষেত্রেও ব্যাপারটা ছিল একই। কোন ক্ষেত্রেই তারা অসাধারন কোন দল ছিল না!’
অন্যদের ভুলই সিটিকে লিগ জিততে সাহাজ্য করেছে জানিয়ে মরিনহো আরো বলেন, ‘অন্যরা এত বেশী ভুল করেছে যে শেষ পর্যন্ত সিটিই শিরোপা পেয়েছে। আমার মনে হয় কিছু সময় আপনি শিরোপা জিতবেন আপনি অনন্য সাধারন। আর বাকি সময় জিতবেন আপনি অন্যদের তুলনায় সেরা বলে। তবে অনন্য না হয়েও অন্যদের চেয়ে সেরা হওয়া যায়।’
মরিনহোর ইঙ্গিতটা পরিস্কার। তবে মাঠের লড়াইয়ে চেলসিকে কি উপহার দিতে পারেন তার প্রথম পরিক্ষা হয়ে যাচ্ছে আজই। স্টামফোর্ড ব্রিজে নিজের প্রথম ম্যাচে মরিনহো পাচ্ছেন না দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ন সদস্যকে। তাই নিশ্চিত হওয়া যাচ্ছে না কোন ফরমেশনে তিনি দলকে খেলাবেন সে বিষয়েও।