সৈয়দপুরে পাটের চেয়ে পাটকাঠির কদর বেশি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২১:৫৬
নীলফামারীর সৈয়দপুরে এ বছর পাটের দাম কম হলেও পাটকাঠির কদর বেড়েছে। উপজেলার সর্বত্র পাটের চেয়ে পাটকাঠির ক্রেতা ও দাম বেশি। জানা যায়, এ বছর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ি ও বাঙ্গালিপুর ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে পাট চাষ করা হয়। রোগ-বালাই ছাড়া এবারে পাটের ফলনও হয় ভালো। কিন্তু দীর্ঘ খরা ও বৃষ্টির অভাবে কৃষকরা পাট জাগ দিতে পারেনি। ফলে পাটের মান খুব একটা ভালো হয়নি। উপজেলায় পাটের চেয়ে পাটকাঠির দাম ও কদর দুটোই বেড়েছে। গৃহস্থালি বিভিন্ন প্রয়োজনে পাটকাঠি পল্লী অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহূত হয়ে থাকে। সৌখিন ও সচ্ছল পরিবারের ঘরের সিলিং তৈরিতে পাটকাঠি ব্যবহার হয়ে থাকে। উপজেলার বিভিন্ন হাটবাজারে ও মহল্লায় ভ্রাম্যমাণ বিক্রেতারা একেকটি পাটকাঠির আঁঁটি ১০/১৫ টাকায় বিক্রি করছে। পাটকাঠির বহুল ব্যবহার হয় জ্বালানি হিসাবে। এ কারণে কৃষকরা এখন পাট বিক্রি করে পাটকাঠি সঞ্চয় করতে দেখা যায়। অপরদিকে তারা পাটকাঠি বিক্রয় করে পাট চাষের অনেকটা ক্ষতি পুষিয়ে নিতে পারছে।