তা হ মি না মি লি
‘পোকেমন ডিটেকটিভ পিকাচু’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। আরবান ফ্যান্টাসি মিস্ট্রি ধাঁচের হলিউডি সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করেছে। মজার গল্প নিয়ে আবর্তিত ছবিটিতে একজন নবীন রিপোর্টার লুসি স্টিভেন্স চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অভিনেত্রী ক্যাথরিন নিউটন। তাঁকে সবাই আগে থেকেই বেশি চেনে সিবিএস টেলিভিশন সিরিজ ‘গ্যারি আনম্যারিড’-এর লুইস ব্রুকস চরিত্রে রূপদানকারী অভিনেত্রী হিসেবে। এছাড়া ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডি মুভি ‘প্যারানরম্যাল অ্যাক্টিভিটি ফোর’-এর আলেক্স নেলসন চরিত্রে অভিনয়ের কারণে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। ২২ বছর বয়সী ক্যাথরিন নিউটন ওই ছবিতে অভিনয়ের জন্য ২০১৩ সালে ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড-এ সেরা প্রধান তরুণী অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। বয়স খুব বেশি না হলেও অল্প সময়ের মধ্যে শোবিজে নিজেকে বেশ অনেকটাই এগিয়ে নিতে সক্ষম হয়েছেন এই সুন্দরী। ছোট পর্দার কাজগুলো তাঁকে দ্রুত সাফল্য এনে দিয়েছে বলা যায়। সি ডাব্লিউ সিরিজ ‘সুপারন্যাচারাল’-এ ক্ল্যায়ার নোভাকের ভূমিকায় দুর্দান্ত অভিনয় ক্যাথরিনকে খ্যাতির উজ্জ্বল অবস্থানে পৌঁছে দিয়েছে। এএমসি টেলিভিশন সিরিজ ‘হল্ট অ্যান্ড ক্যাচ ফায়ার’-এর জোয়ানি ক্লার্ক চরিত্রেও তাঁর চমত্কার পারফরম্যান্স দর্শক সহজে ভুলতে পারবে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে তাঁর জন্ম। মাত্র চার বছর বয়সে অভিনয়ে তাঁর অভিষেক হয়েছিল। ছোট পর্দায় সোপ অপেরা ‘অল মাই চিলড্রেন’-এ অভিনয়ের মাধ্যমে ক্যাথরিন নিউটনের অভিষেক হয়েছিল। ওই টিভি সোপ অপেরাটি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত চলছিল। এর পাশাপাশি শর্ট ফিল্মেও কাজ শুরু করেছিলেন। ছোটপর্দা, বড়পর্দা—দুজায়গাতেই সমানভাবে বিচরণ করেছেন সুন্দরী এই অভিনেত্রী। ২০১১ সালে তাঁকে বিখ্যাত অভিনেত্রী ক্যামেরন ডায়াজের সঙ্গে ‘ব্যাড টিচার’ ছবিতে দেখা গেছে। ২০১৭ সালে এইচবিও সিরিজ ‘বিগ লিটল লাইজ’-এ তাঁকে দেখা গেছে। হলিউডি সিনেমা ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইব্বিং’, ‘মিসৌরি’ ও ‘বেন ইজ ব্যাক’-এ অভিনয় করেছেন নিউটন। প্রতিটি ছবিতেই দর্শক তাঁকে ভালো অভিনয় করতে দেখেছেন। সাম্প্রতিক ছবি ‘পোকেমন :ডিটেকটিভ পিকাচু’তে প্রধান নারী চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় দুনিয়াজুড়ে বেশ সাড়া জাগিয়েছে। দর্শক তাঁর ব্যাপারে আবার নতুন করে উত্সাহী হয়েছে। ক্যাথরিন নিউটন এখন নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য সোসাইটি’তে অভিনয় করেছেন। গত ১০ মে নেটফ্লিক্সে এ সিরিজটির প্রিমিয়ার হয়েছে। আগামী দিনগুলোতে এই তন্বী অভিনেত্রী বড়পর্দা ও ছোটপর্দায় আরো বড় চমক নিয়ে আসবেন বলে জানা গেছে। বর্তমানে বেশ কিছু বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে কথা হচ্ছে তাঁর। অল্পবয়সেই হলিউডে অভিনেত্রী হিসেবে ক্যাথরিন নিউটনকে অনেকটা অগ্রগামী বিবেচনা করছে মিডিয়া। তাঁকে নিয়ে বড় বড় পত্রিকা ও ম্যাগাজিনে আকর্ষণীয় ফিচার ছাপা হচ্ছে হরদম। নিজেরে ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট এই তন্বী অভিনেত্রী বলেন, ‘আমি খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেড়েছে। আমি এখন যে পর্যায়ে পৌঁছেছি, তা আমার পরিশ্রমের ফসল। আমি আগামী দিনগুলোতে নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চাই।’