মনোহরগঞ্জে সাড়ে ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
মনোহগরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০০
শুক্রবার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামে বিষপানে আত্মহত্যাকারী শিল্পী আক্তারের (২৫) লাশ বাড়ির পার্শ্বে থেকে সাড়ে ৪ মাস পর উত্তোলন করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
পারিবারিক কলহ ও স্বামী আবদুল লতিফের পাশবিক নির্যাতন সইতে না পেরে গত ৩০ মার্চ বিষপানে আত্মত্যা করে গৃহবধূ শিল্পী আক্তার। ঘটনার জন্য শিল্পির পরিবারের পক্ষ থেকে তার স্বামী আবদুল লতিফকে দায়ী করা হয়। ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে জানাজা ও ময়নাতদন্ত ছাড়া বাড়ির এক কোণে একটি গর্তে শিল্পিকে মাটি চাপা দেয় তার স্বামী। আইনগত জটিলতা এড়াতে আপোষের কথা বলে শিল্পির ভগ্নিপতি হারুনুর রশিদকে দিয়ে সড়ক দুর্ঘটনায় শিল্পির মৃত্যু দেখিয়ে কৌশলে কুমিল্লা এডিএম কোর্ট থেকে সার্টিফিকেট নেয় আবদুল লতিফ। পরবর্তীতে উভয়পক্ষের মাঝে মীমাংশা হওয়ার কথা থাকলেও না হওয়ায় নিহতের মা মঞ্জুমা বেগম বাদী হয়ে ২৩ মে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে, আদালত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ভিকটিমের লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ প্রদান করে। এ প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত সুলতানা সহকারী কমিশনার ভূমি (লাকসাম) এর উপস্থিতিতে মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই শফি উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় গলা পানি থেকে লাশের কংকাল উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফরেন্সিক মেডিসিন বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।