নানা আয়োজনে কবিগুরুর ১৫৮তম জন্মবার্ষিকী পালিত

মাহমুদুল কবীর

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মোত্সব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরের রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দু-দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন ৯ মে দুপুরে ‘রবীন্দ্রনাথের গানে পথ ও পথিক’ শীর্ষক প্রবন্ধ আলোচনায় প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ। আলোচনায় আফসার আহমেদ বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মুক্তচিন্তার মানবতাবাদী কবি। তাঁর গানে তাই বারবার নানা অর্থে নানামাত্রায় পথ ও পথিকের প্রসঙ্গটি উঠে এসেছে। তিনি প্রচলিত কোনো ধর্ম দর্শনের ঘেরাটোপে আবদ্ধ না থেকে মুক্তচিন্তার মানবতাবাদী ধর্ম ভাবনার দিকে ছুটে চলেছেন নিরন্তর।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন দু-দিনব্যাপী এ রবীন্দ্র জন্মোত্সবের আয়োজন করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রবন্ধ আলোচনায় আলোচক হিসেবে আফসার আহমেদ ছাড়াও আরো বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর ফখরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজা হিলালী, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর আব্দুস সাত্তার, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান প্রমুখ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

সমাপনী দিনের অনুষ্ঠানমালায় ছিল সিরাজগঞ্জ, শাহজাদপুর ও উল্লাপাড়ার শিল্পীদের নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রমেলা। অনুষ্ঠানের শেষদিন রবীন্দ্র ভক্তদের মিলনমেলায় পরিণত হয় কাচারি প্রাঙ্গণ।