রেলের ব্রড ও মিটারগেজ স্টেশনের কম্পিউটার সেল ৭ বছর বন্ধ

রেলওয়েতে মালবাহী গাড়ীর অগ্রিম তথ্য জানার জন্য কম্পিউটারাইজড ওয়াগন কন্ট্রোল সিস্টেম নামে একটি প্রকল্প ১৯৯৭ সালে চালু করা হয়। ঢাকায় অবস্থিত সার্ভার অকেজো হয়ে পড়ায় ২০টি ব্রড ও মিটারগেজ স্টেশনের কম্পিউটার সেল বন্ধ রয়েছে দীর্ঘ ৭ বছর ধরে। মিটারগেজ রেলপথের পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, লাকসাম, নোয়াখালী, কুমিল্লা ও সান্তাহারে এবং ব্রডগেজ রেলপথে পার্বতীপুর, সান্তাহার, পাকশী কন্ট্রোল অফিস, রাজশাহী কন্ট্রোল অফিস, দর্শনা ও খুলনায় কম্পিউটার সেল স্থাপন করা হয়। সবগুলো সেলে ২টি করে কম্পিউটার দেয়া হয়। সেই সাথে ডাটা এন্ট্রি অপারেটর নামে ৪০টি পদ সৃষ্টি করে স্টাফ নিয়োগ দেয়া হয়। নিয়োগকৃত স্টাফদেরকে প্রশিক্ষণও দেয়া হয়। কম্পিউটার সেলগুলো স্থাপনের পর ব্যবসায়ীদের মধ্যে রেলওয়ের উপর আস্থা ফিরে আসে। ডাটা এন্ট্রি অপারেটর ফজলুল হক জানান, দীর্ঘ ৭ বছর ধরে কম্পিউটার সেলগুলো বন্ধ রয়েছে। সেলগুলোর কর্মরত স্টাফরা সংশ্লিষ্ট রেল স্টেশনে নিচের পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে মঞ্জুরিকৃত ৪০টি পদের মধ্যে ২২ জন কর্মরত আছেন। প্রতিটি কম্পিউটার সেল সার্বক্ষণিক চালু রাখার জন্য ২০০১ সালে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল। পরে ২০০৭ সালে ঢাকায় অবস্থিত সার্ভার অকেজো হয়ে পড়ে। এরপর একের পর এক কম্পিউটার সেলগুলো বন্ধ হয়ে যায়। এদিকে রেলওয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে রেলওয়েতে তেলবাহী গাড়ি ছাড়া আর কোন মালবাহী গাড়ি চলাচল করছে না। আর এ কারণে কম্পিউটার সেলগুলোর তেমন প্রয়োজন হচ্ছে না।