চরফ্যাশনে বরফ তৈরি হচ্ছে ফরমালিন মিশিয়ে
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০২
ভোলার চরফ্যাশনের বরফ কারখানাগুলোতে ফরমালিন মিশানো পানি দিয়ে তৈরি হচ্ছে বরফ ক্যান (পাটা)। প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাছে সরাসরি ফরমালিন ব্যবহার না করে অভিনব কৌশলে ব্যবহার করা হচ্ছে ফরমালিন। সামরাজ ঘাটের আড়ত্ মালিকরা জানান, সাধারণ পানি দিয়ে তৈরি বরফ ক্যান ধবধবে সাদা থাকে আর ফরমালিন মিশানো পানির তৈরি বরফ ক্যানগুলো থাকে হালকা বাদামি ।
স্থানীয় মত্স্য ঘাটগুলোতে গিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাঝে-মধ্যে ফরমালিনযুক্ত মাছ জব্দ করলেও অসাধু ব্যবসায়ীরা থেমে নেই। ঢাল চর ও খেজুর গাছিয়া ঘাটের দুই মত্স্য ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের অভিযানের ভয়ে মাছে ফরমালিন মেশানোর ঝুঁকি নিতে চান না আড়ত্ মালিকরা। যার কারণে মত্স্য আহরণ স্থল থেকেই ফরমালিন মিশ্রিত বরফ মিশিয়ে মাছ পাঠানো হচ্ছে আড়ত্গুলোতে। জাল থেকে মাছ খোলার পর পরই ফরমালিন মিশ্রিত বরফ ব্যবহার করা হয় এবং এতে মাছ ৭২ ঘন্টা সতেজ থাকে ।