রূপপুর পরমাণু বিদ্যুত্
প্রকল্পের উদ্বোধন
সেপ্টেম্বরের শেষে
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০২
আগামী সেপ্টেম্বরের শেষে বহুল প্রতীক্ষিত ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুত্ শক্তি প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ ইয়াফেস ওসমান। উদ্বোধনের প্রাক প্রস্তুতি সফরে এসে শনিবার সকালে প্রকল্প এলাকার চায়না কটেজে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী তার স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন।
মাঠ পর্যায়ে প্রকল্পের অগ্রগতি ও চূড়ান্ত করণীয় কার্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার ও শনিবার মন্ত্রীর সাথে সরকারের অতিরিক্ত সচিব, প্রকল্প পরিচালক ড. শওকত আকবরসহ পর্যায়ের একটি প্রতিনিধিদল রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের শেষে পরমাণু প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে ইতিপূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও উপস্থিত থাকবেন বলে জানানো হলেও মন্ত্রী এই বিষয়ে কোন নিশ্চয়তা দেননি।
পরিবেশ বা জনসাধারণের কোন ক্ষতি হবে না বলে উল্লেখ করে ডঃ ইয়াফেস বলেন, ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর এই প্রকল্পটি ১০ মাত্রার ভূমিকম্প সহনশীল।