ফেলানী হত্যা মামলা
সাক্ষ্য দিতে আজ
ভারত যাচ্ছেন
বাবা ও মামা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৩
সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত নাগেশ্বরীর ফেলানী হত্যা মামলায় সাক্ষী দিতে আজ রবিবার স্থলবন্দর বুড়িমারী দিয়ে ভারত যাচ্ছেন বাবা ও মামা। সঙ্গে যাবেন ৪৫ বিজিবি কমান্ডার ও কুড়িগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি।
১৩ আগষ্ট পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের কাছে সোনারি বিএসএফ-এর ছাউনিতে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট (জিএসএফসি) ১৮১ নম্বর ব্যাটেলিয়নের বিশেষ আদালতে গৌহাটি ফ্রন্টিয়ারের ডিআইজি সিপি ত্রিবেদীর নেতৃত্বে বিচার কার্য শুরু হয়। মামলার প্রধান আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষ-এর বিরুদ্ধে আনীত ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারা (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আদালতের ১৪৬ ধারার অভিযোগে ৫ সদস্যের বিচারক প্যানেল জিজ্ঞাসাবাদ করেন। হত্যাকাণ্ড পরবর্তী প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মামলার প্রধান দুই সাক্ষী বাবা নূর ইসলাম ও মামা আ: হানিফ এ আদালতে আগামীকাল সোমবার সাক্ষী দিবেন।
৪৫ বিজিবি কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক খালেদ জানান, বিএসএফ-এর কাছে একাধিকবার মামলার নথিপত্র চাওয়া হলেও এ পর্যন্ত তা সরবরাহ করেনি। অন্যদিকে কুড়িগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন বলেছেন, এ মামলার কোন কাগজপত্র তিনি পাননি। মামলার ধরন ও প্রকৃতির উপর ভরসা করে তারা ভারতে যাচ্ছেন। ফেলানীর বাবা নূর ইসলাম বলেন, আমি মূর্খ মানুষ। আইনের প্যাঁচ-গোছ বুঝি না। ন্যায় বিচার পাবার আশায় ভারতে যাচ্ছি।