জামায়াত ও হেফাজতে ইসলাম নারীকে ঘরে আবদ্ধ রাখতে চায়

প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান বলেছেন, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম দেশকে পিছিয়ে নিতে চায়। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে এদেশের নারী শ্রমিকরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। অথচ তারা এই নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তাদের দাবি মানা হলে দেশের অগ্রগতি ব্যাহত হবে। ইসলাম যেখানে নারীকে মর্যাদার স্থানে রেখেছে সেখানে তারা নারীর অধিকার খর্ব করার চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ৩৩ জন বিশিষ্ট প্রগতিশীল বুদ্ধিজীবীর আহ্বানে পাঁচ দফা দাবিতে প্রতিষ্ঠিত সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। নাগরিক সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।