চট্টগ্রামে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ শুক্রবার উদ্ধার করা হয়েছে। এরা হলেন মো. হারুন (৪০), তার মেয়ে ইশরাত (৬) ও ছেলে মারুফ (৪)। ভোরে ডাঙ্গারচর এলাকা থেকে প্রথমে হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে সাতটায় গুপ্তখাল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ইশরাতের এবং সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালীর একটি চর এলাকা থেকে মারুফের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে, স্বামী ও দুই সন্তানকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন পারভীন। সন্তানদের নৌকায় চড়ার আবদার কেন রাখতে গেলেন, এই অনুতাপে পুড়ছেন তিনি। শুক্রবার নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় নিজের বাসায় কান্নাজড়িত কণ্ঠে পারভীন বলেন, গ্রামের বাড়ি (চন্দনাইশ উপজেলা) থেকে ফেরার সময় আমরা সবসময় বাসে করেই আসতাম। কিন্তু ঈদের পর যানজটের কথা ভেবে নৌকায় নদী পার হয়ে বাসায় আসার সিদ্ধান্ত নেই। কিন্তু এটা যে এতবড় সর্বনাশ ডেকে আনবে তা বুঝতে পারিনি।