পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গৌরীপুর
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৩
১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় থাকলেও ঈদুল ফিতর উপলক্ষে পোস্টারে আর পেনাপ্লেক্স ব্যানারে ছেঁয়ে গেছে। চারিদিকে যেন নির্বাচনী আমেজ বইছে এবং জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের রঙ্গিন পোস্টার-ব্যানার এবং পেনাপ্লেক্সে ছেঁয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি। এদের অধিকাংশই আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। শহর ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তরুণদের ভিড় বেশি। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান এমপি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ সম্পাদক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ খান পাঠান সেলভি, এডভোকেট নাজিম উদ্দিন আহাম্মেদ, শরীফ হাসান অনু, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা, ময়মনসিংহ-৩ এলাকার সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার লাগিয়েছেন। নৌবাহিনীর সাবেক কমোডোর একে আজাদ যদিও কোন পোস্টার-পেনাপ্লেক্স লাগাননি তবু আওয়ামী লীগের কর্মীদের মুখে তার নামও শোনা যাচ্ছে। বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে রয়েছেন বিএপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন খান, কৃষকদল নেতা ফয়সাল আমিন খান, মত্স্যজীবী দলনেতা শহিদুল আরেফিন খোকন, ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কবি সেলিম বালা। তবে বিএনপির একটি বড় অংশ আশাবাদী সাবেক এমপি এডভোকেট এএফম নজমুল হুদা দলীয় প্রার্থী হয়ে আসতে পারেন।