কুমারখালিতে আসামি ছিনতাই ও ফেরত

জামায়াত নেতা ও মাদ্রাসার শিক্ষক নূর মহম্মদকে (৩৬) পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছে দলীয় কর্মীরা। গত শুক্রবার কুমারখালি পুলিশ নূর মহম্মদকে শহরতলী দুর্গাপুর গোরস্থান জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। জানা যায়, বেলা দুইটার দিকে থানা থেকে দুই পুলিশ সদস্য নূর মহম্মদকে নিয়ে যাত্রীবাহি বাসযোগে কুষ্টিয়া জেল হাজতের উদ্দেশ্যে রওনা হয়। বাস কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালি পৌর এলাকার কাজিপাড়া মোড়ে পৌঁছালে শতাধিক জামায়াত কর্মী বাস থামিয়ে নূর মহম্মদকে ছিনিয়ে নিয়ে যায়। আসামি ছিনতাইয়ের খবরে পুলিশী তত্পরতা শুরু হলে কয়েক ঘন্টা পর নূর মহম্মদকে পুলিশের হাতে তুলে দেয় দলীয় কর্মীরা। কুমারখালি থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি ছিনতাইকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।