কাউখালী ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ও সব কার্যক্রম স্থগিত

পিরোজপুরের কাউখালীতে গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ছাত্রলীগ নেতাদের হামলা ও সংঘর্ষে পণ্ড হয়। এ ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শুক্রবার কাউখালী উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা ও কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া পিরোজপুর জেলা ছাত্রলীগ গত বৃহস্পতিবার রাতে কাউখালী উপজেলা ছাত্রলীগের দুই যুগ্ম আহ্বায়কসহ ১১ জনকে বহিষ্কার ও আহ্বায়কদের কারণ দর্শানোর নোটিস দেয়। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গত বৃহস্পতিবার বিকালে পাঠানো স্বাক্ষরিত চিঠিতে কাউখালী উপজেলা ছাত্রলীগ শাখার নবগঠিত কমিটি বিলুপ্ত ও কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়। অপরদিকে গত বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আম্মান লিটন ও মো. খায়রুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক চিঠিতে কাউখালী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুমন খন্দকারকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিস দেয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক রাহুল দে ও তৌকির আহম্মেদ সীমান্ত, সদস্য রিসাত হোসেন, রাজু তালুকদার, আলামিন, রহিম হাওলাদার, মিজান তালুকদার, শফিকুল ইসলাম রুবেল, হাসান হোসেন, রাজিব সাহাসহ ১১ জনকে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে। এ দিকে সংঘর্ষের পর কাউখালী বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র্যাব শুক্রবার থেকে কাউখালীতে টহল দিচ্ছে। কাউখালী থানার ওসি হাবিবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ছাত্রলীগের ২ গ্রুপের কোন নেতা-কর্মীকে শুক্রবার সকাল থেকে তেমন একটা রাস্তায় দেখা যায়নি।