সুত্রাপুরে শিবিরের ১০ নেতা-কর্মী গ্রেফতার

গোপন বৈঠক করার সময় পুরনো ঢাকার সূত্রাপুর থেকে থানা শিবির সভাপতিসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ এর একটি টিম শুক্রবার সূত্রাপুর কাজলা নীরব কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন শিবিরের সূত্রাপুর থানা সভাপতি আব্দুল হামিদ, শফিউল আলম, সাইফুল ইসলাম, যুবায়ের হোসেন, আসাদুজ্জামান মামুন, রাসেল, আনোয়ার হোসেন, আব্দুল হাই সেলিম, আরমান আলী ও কাজী ইমতিয়াজ উদ্দিন। র্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান ইবনে এ রউফ শনিবার সংবাদ সম্মেলনে জানান, নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।রবিবার (আজ) বিক্ষোভ কর্মসূচিতে তারা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ লিফলেট, পোস্টার ও সাংগঠনিক বই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।