অসাংবিধানিক সরকার তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে : নাসিম
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৯
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে নির্বাচন হবে। কোন্ দল নির্বাচনে এলো আর কোন্ দল এলো না, তা ভাবার এবং কাউকে আদর-আপ্যায়নের সময় নেই। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, যদি কোন কারণে নির্বাচন না হয় তবে বর্তমান প্রধানমন্ত্রীই দেশ চালাবেন। যদিও আওয়ামী লীগ এটা চায় না। দেশে অতীতের মতো ওয়ান ইলেভেনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অসাংবিধানিক শক্তি যদি ক্ষমতায় আসে বা আসতে চায় তবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এখন নির্বাচনের সময় আন্দোলনের সময় নয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেন, কিছু দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএনপি ও জামায়াতের পক্ষে কাজ করছে। এই সংগঠনগুলো বিএনপি জামায়াতের কাছ থেকে উেকাচ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচএম আসাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিক ছাড়া আরো কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।