পোশাক শ্রমিকদের নিম্নতম মূল মজুরি ৮ হাজার টাকা ঘোষণার দাবি

পোশাক শ্রমিকদের নিম্নতম মূল মজুরি আট হাজার টাকা ঘোষণাসহ চারদফা দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। শনিবার তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক। লিখিত বক্তব্যে বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্প খাতের ৪০ লাখ শ্রমিক তার পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাসা ভাড়াসহ সবকিছুই আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। অথচ রফতানি আয়ের শীর্ষে শতকরা ৭৬ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্পখাতে নিরলস পরিশ্রমী ৪০ লাখ শ্রমিকের অবদান অনেক বেশি হলেও তাদেরই মজুরি সবচেয়ে কম। জীবন যাত্রার ব্যয় যখন সর্বত্র বাড়ছে তখন দেশের উত্পাদন বৃদ্ধি এবং ভবিষ্যত্ প্রজন্মের স্বার্থে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি বেসিক আট হাজার টাকা করা প্রয়োজন। সাংবাদিক সম্মেলনে চার দফা দাবি জানিয়ে বলেন, মজুরি কাঠামো ৫টি গ্রেডে নির্ধারণপূর্বক গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৫ম গ্রেডে ন্যূনতম বেসিক আট হাজার টাকা করতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মীর মোফাজ্জল হোসেন, মাহাবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, বাহারানে সুলতান বাহার, শামীম ইমাম, মাস্টার মোখলেছুর রহমান প্রমুখ।