শাপলা চত্বরে নিহতদের তালিকা আপাতত প্রকাশ করবে না হেফাজত
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫১
৫ মে শাপলা চত্বরে নিহতদের তালিকা আপাতত জনসমক্ষে প্রকাশ করবে না হেফাজতে ইসলাম। তবে সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলে শুধু ওই কমিটির কাছেই নিহতদের তালিকা হস্তান্তর করা হবে বলে হেফাজতের নেতারা জানিয়েছেন। তালিকা প্রকাশ না করার কারণ জানতে চাইলে হেফাজত নেতারা বলেন, তালিকা জনসমক্ষে প্রকাশিত হলে তৌহিদী জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এর ফলে দেশে আইন-শৃঙ্খলার অবনতিসহ বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হেফাজত নেতারা অভিযোগ করেন শহীদদের তালিকা প্রকাশ না করতে সরকারদলীয় ক্যাডার ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। নাম প্রকাশ করলে শহীদ পরিবারকে মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে। তালিকা প্রকাশ না করার পেছনে এসব যুক্তিও কাজ করছে বলে জানান তারা।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গতকাল শনিবার বিকাল সোয়া পাঁচটায় টেলিফোনে ইত্তেফাককে বলেন, হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী ৫ মে শাপলা চত্বরে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন বলে ইতিপূর্বে উল্লেখ করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আমাদের ৫০০ নেতাকর্মী আহত অবস্থায় চিকিত্সা গ্রহণ করছেন। শাপলা চত্বরে গুলি খেয়ে আমাদের ৮০ জন কর্মী অন্ধ হয়ে গিয়েছেন, পঙ্গু হয়েছেন ১৫০ জন। হতাহতদের একটি তালিকা আমরা তৈরি করছি।
তালিকা কবে প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা ৫ মে শাপলা চত্বরের ঘটনা তদন্তে বরাবরই বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়ে আসছি। কিন্তু এত বড় একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে যাওয়ার পরও সরকার কেন কমিটি গঠন করেনি তা রহস্যজনক। তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হলে অবশ্যই হেফাজতের পক্ষ থেকে নিহতদের তালিকা প্রদান করা হবে। এছাড়া এ তালিকা মিডিয়া অথবা কোনো মানবাধিকার সংগঠনের কাছে প্রদান করা হবে না।
তিনি বলেন, ইতিমধ্যে যদি কোনো ব্যক্তি বা সংগঠন ৫ মে নিহতদের তালিকা সম্পর্কে কোনো বক্তব্য দিয়ে থাকে তবে সেটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার। একে হেফাজতের বক্তব্য বলে বিবেচনা করা সমীচীন হবে না।