হোটেল কক্ষে ৪০ অজগর

পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ৪০টি অজগর উদ্ধার করেছে। সাপগুলোর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার থেকে ১ দশমিক ৪ মিটারের মধ্যে। ঘটনাটি কানাডার অন্টারিয়োর ব্র্যান্টফোর্ডের একটি হোটেলে ঘটে। এ ঘটনার এক সপ্তাহের কিছু বেশি সময় আগে কানাডায় ঘুমিয়ে থাকা দুটি শিশুকে একটি বিশাল অজগর পেঁচিয়ে ধরায় দম বন্ধ হয়ে তারা মারা যায়। খবর এএফপি ও এনডিটিভি’র। বৃহস্পতিবার রাতে কয়েকটি প্লাস্টিকের স্টোরেজ বিন থেকে অজগরগুলো উদ্ধার করা হয়। পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, এক দম্পতি তাদের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর হোটেলের ওই কক্ষে থাকছিল। ৪০টি অজগর উদ্ধারের সঙ্গে এর কোন যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তারাই ওই ৪০টি অজগরের মালিক বলে মনে করা হচ্ছে। প্রকৃত রহস্য উন্মোচনে ঘটনার তদন্ত করা হচ্ছে। ওই দম্পতি কোথায় রয়েছে অথবা স্থানীয় আইন লঙ্ঘন করে অজগরগুলোর মালিক হওয়ার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা পুলিশ কর্মকর্তারা সে সম্পর্কে কিছু বলেননি।