শেয়ারবাজারের সূচক চার হাজারের উপরে
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২০:০৮
ঈদের ছুটির পর শেয়ারবাজারের গতি ফিরতে শুরু করেছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে লেনদেনে কিছুটা নিম্নগতি দেখা দিলেও গতকাল লেনদেন হয়েছে চারশ’ কোটি টাকার উপরে। ব্রোকারেজ হাউসগুলোতেও বিনিয়োগকারীদের আনাগোনা বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি কাটিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করায় লেনদেন বাড়ছে। ঈদের পরে প্রথম কার্যদিবসে বাজারে লেনদেন হয় ১৬২ কোটি টাকা। পরদিন লেনদেন হয় ৩২৩ কোটি টাকা। আর গতকাল তা আরও বেড়েছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যা বাজারকে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৩০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত পাঁচ কার্যদিবসে শেয়ারবাজারের সূচক বেড়েছে ২০০ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার চাহিদা কিছুটা বাড়ছে। ফলে কোম্পানির মৌলভিত্তি অনুযায়ী শেয়ার কেনার পরিমাণও বাড়ছে। এদিকে বিভিন্ন কোম্পানির মুনাফার প্রবণতা অনুযায়ী কোম্পানিগুলোর লেনদেন বেড়েছে। বাজারে লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির মধ্যে ৫০টির দাম বেড়েছে প্রায় ৪ শতাংশেরও বেশি।