দীপিকার রণবীর লীলা

‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্য দিয়ে বলা যায় হাওয়ায় ভাসছেন দীপিকা পাড়ুকোন। প্রথম দিনের আয়, দ্রুততম সময়ে ১০০ কোটির ল্যান্ডমার্ক অর্জন, পাকিস্তানেও অতীতের বলিউড সিনেমার রেকর্ড ভঙ্গ—এসব কিছুর বাইরে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবি নিয়ে সমালোচকরা মুখর হলেও দীপিকাকে নিয়ে তাদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। বলিউডের আলোচনা তাই এখন দীপিকা-মুখর। তবে এসব আলোচনার বাইরেও আলাদা করে দীপিকাকে নিয়ে অন্য গুঞ্জনও শোনা যাচ্ছে। আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘রাম লীলা’ ছবিতে দীপিকার সহ-অভিনেতা রণবীর সিং। দুইজনে যতই অস্বীকার করুন না কেন, তাদের ডেটিংয়ের খবর চাউর হয়ে গেছে সবখানেই। গত কয়েকদিনে তাদের দুইজনকে একসাথে দেখাও গেছে কয়েক জায়গায়। রণবীর সিংয়ের সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে দীপিকার ভূঁয়সী প্রশংসাও এই আগুনে ঘি ঢেলেছে। ফিল্মফেয়ারকে দেওয়া এই সাক্ষাত্কারে রণবীর দীপিকাকে অভিহিত করেছেন ‘বৌদ্ধ সন্ন্যাসীদের মতো স্থিতধী’ হিসেবে। পাশাপাশি মানুষ হিসেবে দীপিকা অত্যন্ত ‘আন্তরিক’ এবং ‘উষ্ণ’ বলেও মন্তব্য রণবীরের। সঞ্জয় লীলা বনসালী’র ‘রাম লীলা’তে অভিনয়ের সূত্র ধরেই উভয়ের এই ঘনিষ্ঠতার সূত্রপাত বলেই ধারণা করা হচ্ছে।