ভারতে দীর্ঘ কারাভোগের পর তিন বাংলাদেশির মুক্তি

ভারতে দীর্ঘদিন কারাভোগ শেষে ৩ বাংলাদেশিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকেলে ঘন্টাব্যাপী পতাকা বৈঠকের পর বিজিবি ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। এরা হচ্ছে-কুমিল্লা জেলার লাকসাম থানার বারানি-গোমতি গ্রামের রহমতউল্লার মেয়ে কুলসুম খাতুন (২১), চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে নার্গিস খাতুন (১৬) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের মনিরুল হোসেন মোল্লার ছেলে কবির হোসেন (১৭)। এদের মধ্যে কুলসুম ৩ বছর ৫ মাস, নার্গিস ৩ বছর ৩ মাস ও কবির ২ বছর ৪ মাস ভারতে বন্দী ছিলেন। তবে এরা সবাই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভারতে সেফ হোমে বন্দী ছিলেন। পুলিশ জানায়, এদের প্রত্যেককে স্ব-স্ব অভিভাবক শনাক্ত করে তাদের কাছে পাঠানো হবে।