তেলাপিয়া মাছ চাষ

অল্প সময়ে স্বল্প ব্যয়ে বেশি লাভ

পীরগঞ্জে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে স্বল্প ব্যয়ে অল্প সময়ে বেশি লাভ করা যায়। শিক্ষিত বেকার যুবক ও সাধারণ মত্স্য চাষিদের প্রশিক্ষিত করে মাছ চাষ করা হচ্ছে। সূত্র জানায়, ইন্টিগ্রেটেডে এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্টের (আইএপিপি) অধীনে কৃষি, মত্স্য ও প্রাণী সম্পদ বিভাগ পীরগঞ্জের ১১টি ইউনিয়নে বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে কাজ করছে। এজন্য প্রতিটি ইউনিয়নে একজন আইএপিপির কমিউনিটি ফ্যাসিলেটর নিয়োগ দেয়া হয়েছে। মত্স্য বিভাগ ২০ থেকে ৫০ শতক জলাশয়ের ২২টি পুকুরে মনোসেক্স তেলাপিয়া চাষ করছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস জানান- আধানিবিড় প্রযুক্তির মাধ্যমে মনোসেক্স তেলাপিয়া চাষ হয়। বড়দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামের উচ্চ শিক্ষিত সুমন মন্ডল উপজেলা মত্স্য কর্মকর্তার পরামর্শে প্রতিবেশী যুবকদেরকে নিয়ে ২৮ শতক জলাশয়ে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ শুরু করেন। গত ২৭ এপ্রিল ৩ হাজার মনোসেক্স তেলাপিয়া ও ২শ’টি কাতলা পুকুরে ছাড়েন। ১০১ দিন পর প্রতিটি মনোসেক্স তেলাপিয়ার ওজন হয় প্রায় আড়াইশ’ গ্রাম। ইতিমধ্যে সে সাড়ে ১২ মণ মাছ বিক্রি করে পেয়েছেন ৬০ হাজার টাকা। মাছ চাষে ৩০ হাজার টাকা ব্যয় করে সে আয় করেছে ১ লাখ টাকা। আইএপিপির তহবিল থেকে তাকে ১৯ হাজার টাকা (মাছের খাবার, পোনা ও ওষুধসহ অন্যান্য উপকরণ সরবরাহ) দেয়া হয়। সব মিলিয়ে মাছ চাষ করে প্রায় ৪ মাসে সুমনের আয় দাঁড়াবে ১ লাখ সাড়ে ২৭ হাজার টাকা। অতি অল্প সময়ে কম টাকা খরচ করে বেশি মুনাফা হওয়ায় অনেকেই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ শুরু করেছেন। মত্স্য চাষের এই ধারা অব্যাহত থাকলে এই এলাকায় মত্স্য চাষে বিপ্লব এনে দিবে বলে অনেকেই মনে করেন।