রায়পুরায় দুই গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫১
নরসিংদীর রায়পুরায় গত শনিবার দুই গ্রামবাসীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ ৪/৫শ’ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে। ২০১২ সালে ২১ অক্টোবর গোপীনাথপুর গ্রামের জজ মিয়া ও রহিম মিয়া গ্রুপের সংঘর্ষে আঃ হেকিম নামে একজনের মৃত্যু, সংঘর্ষ, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুরের ঘটনাও ঘটে। গত ১২ আগস্ট দু’দলের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২৫ ব্যক্তি আহত হয়। নরসিংদী ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭৫ রাউন্ড শট গানের ফাঁকা গুলি ও ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকাবাসী জানায়, এ ঘটনার সাথে জড়িত নয় ও প্রবাসে অবস্থান করছেন এমন ব্যক্তির নামও এজাহারে রয়েছে। মামলা দায়েরের পর ৬ গ্রামের লোকজনের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে এবং কোন কোন গ্রাম রয়েছে পুরুষ শূন্য।