জয়পুরহাটে কলেজ কমিটি নিয়ে মামলা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫২
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাঈদ আলতাফুন্নেছা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম উপেক্ষা করে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া ও গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলাও করেছেন শিক্ষাবিদ শামসুল আলম চৌধুরী। শনিবার দুপুরে শামসুল আলম চৌধুরী জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কলেজের অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি বন্ধে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গাজীপুর বরাবরে একই অভিযোগ করেছেন। তিনি আরো জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফা ৩ বছরের জন্য সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হন। কিন্তু পরবর্তীতে তিনি সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে শামসুল আলম চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়। এদিকে ওই কলেজের অধ্যক্ষসহ কয়েকটি শিক্ষকের পদ শূন্য হওয়ায় আকস্মিকভাবে সংসদ সদস্য গোলাম মোস্তফা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শামসুল আলম চৌধুরীকে প্রত্যাহার করে আবার গভর্নিং বডির সভাপতি মনোনীত হন। শামসুল আলম চৌধুরীকে কেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি থেকে অব্যাহতি দেয়া হলো তার কোন কারণ দর্শানোর নোটিস দেয়া হয়নি।