নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব সমাপন
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫৫
‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’—এ শ্লোগান নিয়ে নাট্যদল স্বপ্নদল আয়োজন করে দুদিনের জন্মোত্সব। গতকাল রবিবার ছিল সমাপনী দিন। সকালে জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে উত্সব-শোভাযাত্রা সহকারে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে দলের কর্মীরা।
বিকালে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘নাট্যাচার্য সেলিম আল দীন:নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার। মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে এতে সেলিম আল দীনের নাট্যকীর্তি সম্পর্কে অভিমত উপস্থাপন করেন গোলাম শফিক, জাহারাবী রিপন, আকতারুজ্জামান, তানভীর আহমেদ সিডনী, সাইমন জাকারিয়া, আনন জামান, অপূর্ব কুমার কুণ্ডু, শাহমান মৈশান প্রমুখ। আলোচনার উপসংহার টানেন প্রয়াত সেলিম আল দীনের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, নাট্যকার সালাম সাকলাইন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, লুত্ফর রহমান, নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা প্রমুখ।
নাট্যাচার্য সেলিম আল দীনের শিল্পসঙ্গী নাসির উদ্দীন ইউসুফ বলেন, সেলিম আল দীন দ্বারা অনুপ্রাণিত হয়ে নবীন নাট্যকাররা বাঙালির নিজস্ব নাট্য আঙ্গিকে নাটক রচনা করতে এগিয়ে আসবে—এটা আমার বিশ্বাস।
আলোচকরা তাদের বক্তব্যে সেলিম আল দীনকে উপনিবেশ-উত্তর বাঙালির নিজস্ব নাট্যধারা বিনির্মাণের একজন অনিবার্য শিল্পস্রষ্টা হিসেবে বর্ণনা করেন। সেলিম আল দীনের আমৃত্যু গবেষণার মাধ্যমে উদ্ভাবিত পথেই তাই বাঙালির নাট্যধারা বিশ্বদরবারে চিরস্থায়ী সম্মানের আসনে আসীন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উত্সবের সর্বশেষ পরিবেশনা ছিল একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’র মঞ্চায়ন। ১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ংকরি টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত্ থেকে তাদের হঠাত্ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় শেষাবধি হরগজ যেন তাদের সামনে উপস্থিত হয় বিশ্বব্যাপী ভাঙ্গা মানবভুবনের রূপক-রূপে!
অন্যদিকে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গতকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন উপলক্ষে সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী আয়োজিত দুদিনের উত্সবের কালছিল সমাপনী দিন। ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে সেলিম আল দীন রচিত ‘ধাবমান’। নির্দেশনায় ছিলেন শিমূল ইউসুফ। ধাবমান নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিমূল ইউসুফ, শহীদুজ্জামান সেলিম, রোজী সেলিমসহ আরো অনেকে।