মানুষের রাজধানীমুখী স্রোত কমানোর পরামর্শ

সারাদেশে থেকে লোকজনের অব্যাহত রাজধানীমুখী স্রোত কমানোর পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর এ জন্য দেশের সকল অঞ্চলে শিক্ষা, চিকিত্সা, বাসস্থান ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয় রাজধানীকে বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন আবাসিক প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। এছাড়া রাজধানীর সন্নিকটে তিনটি স্যাটেলাইট শহর নির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে। কমিটির সদস্যরা রাজধানীকে আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন। কমিটি মনে করে আধুনিক নগরী গড়তে হলে সবার আগে রাজধানীমুখী জনগণের অব্যাহত চাপ কমাতে হবে। আর এটি করার জন্য কমিটি পরামর্শ দিয়েছে। সে সাথে দেশের সকল অঞ্চলে শিক্ষা, চিকিত্সা, বাসস্থান ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়।