ট্রিটমেন্ট প্ল্যান্টের অভাবে পরিবেশ ঝুঁকিতে হাতিরঝিল প্রকল্প

ট্রিটমেন্ট প্লান্টের অভাবে পরিবেশ ঝুঁকিতে রয়েছে হাতিরঝিল প্রকল্প । হাতিরঝিল প্রকল্পের পরিবেশ ঠিক রাখার জন্য বালুনদীর তীরে দাসেরকান্দি ট্রিটমেন্ট প্লান্টের ওপরই নির্ভরশীলতা ছিল সবচেয়ে বেশি। কিন্তু হাতিরঝিল প্রকল্প চালু হলেও অর্থ সংস্থান নিশ্চিত না হওয়ায় প্ল্যান্টের কাজ শুরুই হয়নি। এটি কবে শুরু হবে তা নিশ্চিত করে বলতেও পারছে না ঢাকা ওয়াসা। হাতিরঝিল প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে প্রকল্পটির কথা শোনা যায় সেটি দাসেরকান্দি ট্রিটম্যান্ট প্ল্যান্ট। এই প্রকল্পটির বাস্তবায়নকে হাতিরঝিল প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন হাতিরঝিল প্রকল্প পরিচালক আবু সাঈদ মো. মাসুদ। বৃষ্টির পানির লাইনের সঙ্গে ময়লা পানির লাইনের একাকার অবস্থা, অন্যদিকে দাসেরকান্দি ট্রিটম্যান্ট প্ল্যান্ট না হওয়া সব মিলিয়ে এই বর্ষায় হাতিরঝিলের পরিবেশ সুন্দর রাখার কোনো সুযোগ আছে বলে মনে করছেন না প্রকল্প সংশ্লিষ্ট কোনো পক্ষই। ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে তৈরি হতে যাওয়া দাসেরকান্দি প্রকল্পটির কাজের বর্তমান অবস্থা মোটেও আশাব্যঞ্জক নয় বলে জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ওয়াসার এই কর্মকর্তা জানান, অর্থসংস্থানের বিষয়টি চূড়ান্ত হলে কাজ শুরু হবে। তার মতে, সব কিছু ঠিকভাবে চললে এ ধরনের প্ল্যান্ট তৈরিতে আড়াই বছরের মতো সময় লাগবে।