সাংবাদিক নাজিমউদ্দিন মোস্তান আর নেই
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২৩:০৬
সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তান আর নেই (ইন্নালিল্ল¬াহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দৈনিক ইত্তেফাকের সাবেক চীপ রিপোর্টার প্রথিতযশা এই সাংবাদিক স্বাধীনতা পরবর্তীকালে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ‘হক কথা’ পত্রিকারও রিপোর্টার ছিলেন। একজন পরিশ্রমী সাংবাদিকের প্রতিচ্ছবি ছিলেন নাজিম উদ্দিন মোস্তান। যে কোন সময় যে কোন বিষয়ে, যে কোন স্থানে ছুটে যেতে তিনি দিধা করতেন না। রিপোর্ট লিখতেন সাবলিল ভাষায়। ছাত্র অবস্থা থেকেই তিনি সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞান সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ছিল তার প্রিয় বিষয়। তিনি কবিও ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকও পেয়েছেন।
নাজিম উদ্দিন মোস্তান ১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক সংবাদে সাংবাদিকতা করেন। পরে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ছিলেন দৈনিক ইত্তেফাকে। ১৯৯৮ সালের ১৮ই আগস্ট দৈনিক ইত্তেফাক কার্যালয়ে বন্যার রিপোর্ট সংগ্রহ শেষে লেখার সময় তিনি স্টোক করেন। তার ১৬ বছর পর একই দিনে গতকাল বিকাল সাড়ে ৪টায় মিরপুরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। মিরপুরের কালসি কবর স্থানে গতকাল রাতেই তার দাফন করার কথা।
নাজিম উদ্দিন মোস্তানের ছোট মেয়ে মৌটুশি নাহার মৌ গতকাল ইত্তেফাককে বলেন, গতকাল সকাল থেকে তিনি একটু বেশি অসুস্থ বোধ করছিলেন। বিকালে কিছু বলার জন্য ব্যাকুল হয়ে উঠেন। কিন্তু মুখে আর কিছুই বলতে পারেননি। মুখে একটু পানি খাওয়ানোর সুযোগ হয়েছে মাত্র। তারপর থেকে তিনি আর কথা বলতে পারছিলেন না।
নাজিম উদ্দিম মোস্তান ১৯৪৮ সালের ১১ই সেটেম্বর পাকিস্তানের এবোটাবাদ জন্মগ্রহণ করেন। তার ছোট বেলা কেটেছে গ্রামের বাড়ি চাঁদপুরে। পশ্চিম সকদীতে। শেষ জীবন কাটিয়েছেন মিরপুরের সাংবাদিক আ/এ, রোড ৫,১১/এফ এর ১২৬ নম্বর বাড়িতে। তিনি স্ত্রী নূরজাহান খানম এবং দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রামের দৈনিক সমাচারে ছাত্র অবস্থায়। কর্ম জীবনে তিনি ইত্তেফাক ছাড়াও দৈনিক পয়গম, দৈনিক সংবাদে কাজ করেছেন। তিনি সাপ্তাহিক রাষ্ট্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
খালেদা জিয়াসহ অন্যদের শোক
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। রবিবার এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন মরহুম নাজিম উদ্দিন মোস্তানকে একজন নির্ভীক সাংবাদিক হিসেবে উল্লে¬খ করে বলেন, তার সাংবাদিকতা জীবনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনা প্রবাহ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্রে তিনি যেভাবে উপস্থাপন করেছেন তা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অপর এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর শোকবাণীতে বলেছেন, তার লেখনী সমাজের দর্পণ হিসেবে প্রতিফলিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
গতকাল রাত সাড়ে ৯টায় মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকার ৪ নং রোডে সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাত ১১টায় মিরপুরের ১১ নং সিটি করপোরেশনের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।