থাইল্যাণ্ডে দশ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ

থাইল্যান্ডে প্রায় দশ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে দেশটির পুলিশ। গতকাল রবিবার একটি পিক-আপ ট্রাকে তল্লাশি চালিয়ে ভয়াবহ এই মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ মার্কিন ডলার। খবর এএফপি’র। পুলিশ জানায়, ট্রাকটি থাইল্যান্ডের উত্তরাঞ্চল থেকে রাজধানী ব্যাংককের দিকে যাচ্ছিল বলে ধারণা করা যায়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ পুলিশ ও স্থানীয় সামরিক কর্মকর্তারা থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকার চিয়াং রাই প্রদেশে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামিয়ে এতে তল্লাশি চালায়। এসময় তারা পিক-আপ ট্রাকটির ছাদে লুকানো অবস্থায় বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে। প্রাদেশিক পুলিশের উপ-প্রধান বিরাট সুমনাফন বলেন, এটি একটি বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধারের ঘটনা। তিনি জানান, ইয়াবা ট্যাবলেটের সংখ্যা ৯ লাখ ৮০ হাজার। এর মূল্য দাঁড়াবে আনুমানিক ৬০ লাখ ডলার। এই মাদক চোরা চালানের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।