পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরে সাময়িক স্থগিতাদেশ
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২৩:১২
পাকিস্তানে সাময়িকভাবে মৃত্যুদণ্ড স্থগিত করেছে সরকার। প্রেসিডেন্টের একান্ত ইচ্ছা ও বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তির প্রেক্ষিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে গতকাল রবিবার জানানো হয়েছে। এই সপ্তাহ থেকে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। খবর ডন এর।
গত পাঁচ বছর ধরে পাকিস্তানে মৃত্যুদণ্ড স্থগিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অপরাধী ও ইসলামপন্থি জঙ্গিদের নির্মূলে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত জুনে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বাতিল করেন। ফলে দীর্ঘ পাঁচ বছর পর চলতি সপ্তাহে দেশটিতে পুনরায় মৃত্যুদণ্ডাদেশ চালু হওয়ার কথা ছিল। কিন্ত গতকাল সরকার ঘোষণা দেয় যে বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আপত্তির প্রেক্ষিতে মৃত্যুদণ্ডের ওপর সাময়িক স্থগিতাদেশ দেয়া হল। এক বিবৃতিতে বলা হয়, বিদায়ী প্রেসিডেন্ট জারদারি বিদেশ সফর শেষে দেশে আসার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। আগামী ৮ সেপ্টেম্বর জারদারির মেয়াদ শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হবেন ব্যবসায়ী ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন মামনুন হোসাইন।